
সম্পাদকীয়
কুলায়ফেরার বিহানবেলায় ৬
তখন ব্রিটিশজাত বর্মা অয়েল কোম্পানী আফ্রিকা,মধ্যপ্রাচ্য,এশিয়ার কিছু দেশে পাতালের তেল ভান্ডার হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে।স্কটল্যান্ডের গ্লাসগোতে বর্মাদের সদর দপ্তর হলেও বিশ্বজুড়ে এর কারবার তখন প্রায় একচেটিয়া। ভূবিজ্ঞানীরা বলছেন মধ্যপ্রাচ্যের মরুদেশ গুলির তলে বিশাল তেলভান্ডার থাকতে পারে।।অবশেষে ১৯০৮ সালের ২৬ মে পারস্য দেশের মাটির তলায় খুঁজে পাওয়া গেলো বিশাল তেল ভান্ডার। এর পর বাহরিন,সৌদিআরব থেকেও প্রচুর তরল সোনার খোঁজ এলো।১৯৩৮ সাল থেকে তৈল উত্তোলন শুরু। এই পারস্য দেশই এখনকার ইরান।এই বিশাল বিশাল তরল স্বর্ণভান্ডার দখলে লেগে গেলো বিশ্বের শক্তিশালী ও ধুরন্ধর দেশগুলি।আজকের ইরান বনাম আমেরিকা যুদ্ধের কারণও এই তেলের দখলদারি নিয়ে।১৯৭৪ সালের ৮ জুন আমেরিকা ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত পেট্রো ডলার এগ্রিমেন্ট। মেয়াদ ৯ জুন ২০২৪ পর্যন্ত।সৌদি নতুনকরে চুক্তিতে সই করলোনা।বেনিয়া দেশ যুক্ত রাষ্ট্র এটা আগেই আন্দাজ করেছিলো। সেকারণেই ১৯৯২ এবং ২০০৩ খাড়িযুদ্ধ হয়।নানা ছুতোনাতায় সেই যুদ্ধ আজও চলছেই। যাইহোক,তেল আবিষ্কার বা যুদ্ধ নিয়ে লিখে কুলায় ফেরার পাঠকদের বিব্রত বা বিরক্ত করাটা সম্পাদকের উদ্দেশ্য নয়। সম্মানীয় পাঠক পাঠিকারা এসব ইতিহাস অনেক আগেই জানেন।শুধু প্রাসঙ্গিকতার কারণে বিষয়টি টেনে আনা হলো।আসলে প্রতিবেশীর ঘরে আগুন লাগলে তার শিখায় নিজের বাড়িও __ __ । তখন অন্য সব ভুলে অস্তিত্ব বাঁচানোটাই বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। কুলায় ফেরার পাঠক পাঠিকারা একমত হবেন যে এই যুদ্ধের আগুন তাঁদের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে।গ্যাসের আকাল।বহুতলবাসীদের গ্যাস ছাড়া রান্নাঘরে তালা।জিনিসপত্রে আগুনের ছ্যাঁকা।এরকম অসহনীয় অবস্থায় সবচেয়ে ধাক্কা সাংস্কৃতিক দিকগুলি।
এরকম এক যুদ্ধ তাপের মধ্যেও প্রকাশিত হতে যাচ্ছে নতুন বছরের সংখ্যাটি। নানানরকম প্রতিকূলতাপূর্ণ অবস্থাতেও ‘কুলায় ফেরা’ নিয়মমত আন্তর্জালিক পত্রিকা প্রকাশ করে গেছে ,শুধু ‘পার্বণী’ প্রকাশ হয়নি এবার। সে প্রসঙ্গে পরে আসবো। সঙ্গীতশাখা ” সঙ্গীতাঞ্জলি ” তার অনেকগুলো জনপ্রিয় অনুষ্ঠান করে ফেলেছে বিপুল শ্রোতার সমর্থনে। ৬ই জুন ২০২৬ বেহালা ব্লাইন্ড স্কুলে সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্র / নজরুল জয়ন্তী | আমন্ত্রণ রইল সকলের জন্য | আগামী কয়েকমাসও এমন অনেক প্রযোজনা অপেক্ষায় আছে। প্রচুর বাধাবিঘ্ন শেষে বছরটা চলে যাচ্ছে। সকল স্তরের পাঠকপাঠিকা,লেখক লেখিকা, সম্পাদকীয় দপ্তরের স্বেচ্ছাসেবকরা, কম্পিউটার কৌশলী,শুভানুধ্যায়ীকে কুলায় ফেরা পরিবারের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি,শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আপনারা আগামী দিনগুলিতেও কুলায় ফেরার পাশে থাকবেন এই আশা করি। শুভ হোক ১৪৩৩।

দেবদত্ত বিশ্বাস
সম্পাদক, কুলায় ফেরা
