
মানচিত্র
কঙ্কনা সেন
আর কতো হিংসা দ্বেষ
রয়ে যাবে অবশেষ?
আর কতো রক্ত ঝরবে অনিবার?
কতো মায়ের কোল শূন্য হবে?
কতো নারী স্বামীহারা
কতো শিশু পিতাকে খুঁজবে?
মদগর্বী মানুষ পৃথিবীর মানচিত্রকে
করে খানখান
লোভানলের আগ্রাসী লেলিহান শিখা
গ্রাস করে নির্বিশেষে
শৈশব যৌবন সুস্থ জীবন।
ইতিহাস নতুন করে রচিত হোক
সেই মোগল –পাঠান –পাণিপথ যুদ্ধের
চর্বিত চর্বণ নিপাত যাক্।
যারা মাঠে ফসল ফলায়
গড়ে তোলে রাজপথ
শব্দচাষে যারা এঁকে চলে
চলমান জগতের প্রতিচ্ছবি
সেই অগণিত মানুষের করি জয়গান।।
————————————————
চরৈবেতি
কঙ্কনা সেন
মনের আঁধারে মেঘ যদি জমে
বৃষ্টিধারায় ধুইয়ে দাও
চলার পথে বাধা বিষম
পায়ে পায়ে পেরিয়ে যাও।
বৈশাখী ঝড়ে এলোমেলো পাল
দাঁড়টি ধরে শক্ত হাতে
ভয় পেয়ো না,তিনি আছেন
তাঁর কৃপা সবার মাথে।
জীবন-নদী বয়েছে চলে
কখনো জোয়ার কখনো ভাঁটা
সেই স্রোতে ভাসতে হবে
রেখো না যেন পিছু হাঁটা।
শোকে তাপে ভালো মন্দে
জীবন-নদী কভু না থামে
অন্তরে দহন ,মুখে হাসি
তবু জেনো চলতে হবে।
ক্ষুদ্র দুঃখ ,স্বার্থ ভাবনা
দূর করে দাও জলাঞ্জলি
দুদিনের আসা,দুদিনের বাসা
কান্ডারীর পায়ে দিই অঞ্জলি।।
—————————————–

কঙ্কনা সেন পরিচিতি
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ। ছোট থেকেই কবিতার প্রতি ভালোবাসা। বিশ্বাস মানবতায়। পেশা – শিক্ষকতা।
