উত্তরাধিকার – অদিতি ঘটক
উত্তরাধিকার
অদিতি ঘটক
---"নাম-- নাম কি?"
লোকটা ফোলা মুখ নিয়ে ব্যান্ডেজ বাঁধা মাথায় দীপ্তেশ এর দিকে খানিকক্ষণ চেয়ে থাকে। কি বলছে কিছুই যেন মাথায় ঢুকছে না। আবার দীপ্তেশ বলে,"নাম, নাম কি?" এবার তার সুর একটু কড়া।
লোকটা এবার ব্যান্ডেজ বাঁধা মাথায় হাত দিয়ে তার উসকোখুশকো চুলটা চুলকোয়। বোকা বোকা হেসে অতীতের পাতা ঘেঁটে স্মৃতির অতলে তলিয়ে যাওয়া কোনো কিছুকে হাতড়ায়। তারপর হাতড়ে, হাতড়ে যেন বহুদিন আগে ডুবে যাওয়া, শ্যাওলা পড়ে হড়হড়ে হয়ে যাওয়া কোনো কিছুকে তুলে আনে। বলে,"নগেন, ছার, নগেন বেরা।"
তার ভাঙাচোরা, ফোলা মুখে একটা আত্ম প্রসাদের হাসি। লাজুক মুখে বলে,"ও নামে তো এখানে কেউ ডাকেনি ছার। তাই মনে ছিলনি"
হাবিলদার বিনয় মুখ বেঁকিয়ে ব্যাঙ্গ করে বলে,"তোমায় তাহলে কি নামে ডাকব চাঁদু? মানে এফ. আই. আর. এ কি নাম থাকবে ? নামের পাশে ব্রাকেটে অন্য নাম গুলো লিখতে হয় তো।"
লোকটা ব্যাঙ্গটা ঠিক ধরতে পারলো না বা পাশ ক...









