সংসার সীমান্তে – শম্পা চক্রবর্তী
ছবিঃ ব্রতী ঘোষ
সংসার সীমান্তে
সম্পা চক্রবর্তী
"নন্দিনী—পাগলভাই,এই বন্ধ গড়ের ভিতরে কেবল তোমার-আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে। বাকি আর সব বোজা। বিশু—সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। গান তোমায় গান শোনাব, তাইতো আমায় জাগিয়ে রাখ ওগো ঘুমভাঙানিয়া ! বুকে চমক দিয়ে তাই তো ডাক ওগো দুখজাগানিয়া......।" এই পর্যন্ত পড়তেই মেয়ের ডাকে ঘড়ির দিকে তাকায় নন্দিনী। একটু একটু করে কখন যেন রাত বেড়ে গেছে তার খেয়ালও নেই। স্নেহের কন্ঠে বলে—"ঘুম পেয়েছে? চল খেতে দেব।" —"না মা,ঘুম না। এইমাত্র ঋষি জানাল যে আজকের চাঁদ নাকি এক্কেবারে অন্যরকম। পৃথিবীর খানিকটা কাছে নেমে এসেছে।আমাকে দেখতে বলল।" —"তো কি? দ্যাখ ছাদে উঠে।" —"আমি একা যাবনা,তোমাকেও যেতে হবে। একা একা চাঁদ দেখতে ভাল লাগে না।" মুখ টিপে হেসে —"তাহলে এক কাজ কর। মোবাইলে ঋষির সঙ্গে গল্প করতে করতে চাঁদ দ্যাখ,যা। আমাকে...








