উপস্থিত-বুদ্ধি – মধুমিতা মিত্র
উপস্থিত-বুদ্ধি
মধুমিতা মিত্র
বুড্ঢা বুঢ়িয়া ছোট্ট দুটি ভাই আর বোন
তারা আপন মনে আপন হারা,দিনের সর্বক্ষণ
বয়স তাদের পিঠোপিঠি,
করে তারা ছুটোছুটি
তাদের লাফালাফির তালে,
অতিষ্ঠ সর্ব জন...
বুড্ঢা-বুঢ়িয়ার বাবা যথানিয়মে অফিসে যান,মা পড়াতে যান স্কুলে,তাই ছুটির দিন গুলোতে দুটি ভাই বোনে বাড়িতে একাই-একা মানে মা বাবা ছাড়া খালি দুজনেই থাকে। না না,এমনটিও বলা চলবে না,ওদের বাড়িতে সব সময়ের কাজের লোক না থাকলেও সারা দিনের লোক অবশ্যই একজন আছে, মদনের মা। প্রচন্ড চটপটে,ভীষণ বিশ্বাসী,কাজে কর্মে হাতে পায়ে পটু।
সেদিন বুড্ঢা-বুঢ়িয়ার বাবা যথারীতি তাঁর নির্ধারিত সময়ে অফিসে বেরোলেন,তাদের মা-ও তার কিছুক্ষণ পরেই বুড্ঢা-বুঢ়িয়ার অন্য আর সব ছুটির দিনের মতই,মদনের মায়ের হেফাজতে দুই ভাই বোনকে রেখে স্কুলে যাওয়ার রিক্সা চেপে রওনা দিয়েছেন। মদনের মা বাড়ির কর্তা গিন্নীকে সেদিনকার মতো তাঁদের কর্মস্থলে...








