বোধন – শ্রুতি দত্ত রায়
"বোধন"
শ্রুতি দত্ত রায়
ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট সাজাতে সাজাতে ভাবছিল মৌলি। আজ কথাটা অগ্নিকে বলতেই হবে। তিনদিন আগে ফোনটা আসার পর থেকে বলবো-বলবো করে বলাই হচ্ছে না। উপযুক্ত সময় সুযোগ কোনটাই জুটছে না। তাছাড়া কথাটা শুনে অগ্নি কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও ঠিক বুঝতে পারছে না মৌলি। অবশ্য গতকাল অফিস ফেরার পর থেকে এখনও পর্যন্ত অগ্নির মুড ভাল আছে বলেই তো মনে হচ্ছে। আজ বোধহয় প্রমোশন অর্ডারটা হাতে পাবে। কদিন ধরে ওর অফিসের আবহাওয়া মনে হয় অনুকূলেই আছে। অবশ্য সেটা অনুকূলে আনতে অগ্নিকে কম পরিশ্রম করতে হয়নি। নিজেকে কোম্পানীর হাতে পুরোপুরি সঁপে দিয়েছে তো বটেই,তার সঙ্গে কর্তৃপক্ষকে বাগে আনতে অনেক কাঠখড় পুড়িয়েছে। আর তাই উন্নতির সিঁড়িগুলো টপকাতে পেরেছে সহজেই। এখন বাকি একটি মাত্র ধাপ। ওটা পেরোতে পারলেই কেল্লা ফতে করবে মৌলির সুদর্শন,স্মার্ট,উচ্চাকাঙ্খী স্বামী অগ্নিমিত্র সেন,যিনি বিখ্যাত রায় এন্ড রা...








