Shadow

সুখ – ঋতপা ভট্টাচার্য 

pc .. face book
সুখ

ঋতপা ভট্টাচার্য 

 

ঊষর মরু পেরিয়ে আমি আজ            

পা রেখেছি সবুজ বনাঞ্চলে 

রুক্ষ দিনের দুঃখ ভুলে তাই 

সুখ বেঁধেছি বাসন্তী অঞ্চলে।

 

বসন্ত আজ কৃষ্ণচূড়ার ডালে

রং ধরেছে মনেরও আবডালে

দুঃখ–সুখে , রৌদ্র–ছায়ার 

         নিবিড় দোলাচলে ;

রুক্ষ দিনের দুঃখ ভুলে তাই

       সুখ বেঁধেছি বাসন্তী অঞ্চলে।

 

অনেক যোজন পথ হেঁটেছি একা

ক্লান্ত দেহ চাইছে অবসর — 

একান্তে আজ নিজের সঙ্গে দেখা

আলাপচারিতা অতঃপর। 

কথার সাথে কথার মালা গাঁথি 

মনগহীনে স্মৃতির চরৈবেতি;

সাদায়–কালোয় আঁধার–আলোয়

    কান্না – হাসির ছলে।

উজাড় করে হৃদয়খানা আজ

    সুখ বেঁধেছি বাসন্তী অঞ্চলে।

 

সুখ আমাকে যতই  দিক না  ফাঁকি

বুকের খাঁচায় রাখব তাকে ধরে।

রামধনু রং মাখিয়ে নিয়ে গায়ে 

দুঃখ  গুলোও নেব রঙিন করে।

রঙের নেশায় বুঁদ হয়ে থাক মন

হিসেব নিকেশ কী বা প্রয়োজন? 

কী পেয়েছি কী পাইনি

      সব যেতে চাই ভুলে; 

চাওয়া–পাওয়া ভাসিয়ে দিয়ে আজ

সুখ বেঁধেছি বাসন্তী অঞ্চলে ।।
—————————————–

ঋতপা ভট্টাচার্য 

দমদম , কোলকাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: বিষয়বস্তু সুরক্ষিত !!