চেনা অচেনা – রেশমি দত্ত
চেনা অচেনা
রেশমি দত্ত
আজ বেসরকারি হাসপাতালের রিসেপশন এরিয়াতে বসে গালে হাত দিয়ে কি যেন গভীরভাবে ভাবছে অনু। অনসূয়া ও মন্দিরা দুই বন্ধু একই বয়সী,এক অফিসে চাকুরীরতা। এক সঙ্গে চাকরি জয়েনও করেছিল তারা,প্রায় আঠাশ বছর এক সঙ্গে কাজ করছে,চাকরি পাওয়ার পরপর বিয়ে করেছিল তারা,তারপর সংসার,ছেলে মেয়ে মানুষ করতে করতে দুজনেরই চুলে পাক ধরল,হাঁটুর ব্যথা ধরল,তবে একজনের বাঁ হাঁটু আর আরেকজনের ডান। এত কিছুর মধ্যেও দুজনের বন্ধুত্ব দিনদিন বেড়েছে বৈ কমেনি। সংসার সামলে দৌড়তে দৌড়তে গিয়ে যখন সকাল সাড়ে নটার চার্টার্ড বাসটা ধরতো মন্দিরা,আর উঠেই দেখতো অনু তার পাশের সিট টা রেখে দিয়েছে তখন একটা স্বস্তির হাসি হাসতো সে,আর সারা রাস্তা কথা বলতে বলতে কখন যে ফুরিয়ে যেতো রাস্তাটা। তারপর একসঙ্গে টিফিন খাওয়া,অফিসের পর সংসার ভুলে গিয়ে দুজনে মিলে মাঝে মাঝে সিনেমা দেখা,রেস্টুরেন্টে খাওয়া এগুলো তাদের মধ্যে চলতেই থাকতো। হঠাৎ করে ছ...









