রক্তে রঞ্জিত প্রেম – নবনীতা চক্রবর্তী
রক্তে রঞ্জিত প্রেম
নবনীতা চক্রবর্তী
"আরও কতটা পথ পার হতে হবে একসাথে পথ চলতে গেলে,বলতে পারিস,বাবুল?”
কথাটা বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় রুকসা। যাকে বলে,তার দীঘল চোখের দৃষ্টি তখন দূরের সর্ষে ক্ষেতের দিকে। সে বিভোর হয়ে দেখছিল,নীল আকাশের ক্যানভাসে হলুদ সবুজের রং-মিলান্তির খেলা। রুকসার একহাত শক্ত করে তার একহাতে ধরা। হঠাৎ রুকসার এই প্রশ্নে,প্রায় চমকে তাকায়। দেখে, বড় বড় চোখে তার দিকে তাকিয়ে আছে রুকসা। কিছুক্ষণ চুপ করে থেকে বাবুল বলে,"এমন সব প্রশ্ন করিস না মাঝেমাঝে !”
রুকসা আর বাবুলের বন্ধুত্ব তাদের কলেজ জীবনের শুরু থেকেই। শহরতলির বড় একটি কলেজে পড়ত ওরা। আড়ষ্ট ও মুখচোরা বাবুলের মায়াবী চোখ, আকৃষ্ট করেছিল ছটফটে মেয়ে রুকসাকে। হস্টেলে থাকা বাবুল মোটেই মিশুকে ছিল না। এদিকে নাচ গানে পটু এবং সারাক্ষণ হইচই করা রুকসার ভীষণ মনে ধরেছিল এই নিরীহ ছুপারুস্তম কবিকে। ধীরে ধীরে যত জেনেছে,দেখেছে,ততই জড়িয়ে গেছে...







