
গল্পতরু
দেবাশিস দণ্ড
আলতামাসি গল্পতরু
আঁচলের খুঁটে চাবির গোছার মতো ঝমঝম করে
সাতবাড়ির গল্প।
ঘোষবাড়ির বড় গিন্নী
আলতামাসির নাম দিয়েছে মাসিক পত্রিকা।
ঘোষবাড়ির বড় গিন্নী সুনেত্রা
সিঁড়িতে চায়ের কাপ নিয়ে বসে
গল্প শোনে আলতামাসির।
না শুনলেই মুখ ভার
মাসি থমথমে গলায় বলবে– চ্যইললম
কাল লে আর কাজে আইসব নাঁয়
লক খুঁজে লাও গা।
রাত পোহালেই অভিমান মরে যায়
একান্নবর্তী হাঁড়ির কালির দাগ তুলতে তুলতে
পরদিনই বিড়বিড় করে–
সেই চৈতমাসে নাটার বউ
বাউটি দুট রায়খে পালাইং গেল,
ভাদ্রমাস পইড়ল— অখন তক ঘুইরল নাঁয়।
যন চুলায় ঘ্যুরে মইরছিস— মর ন
তুই বুঝবি, তর ভাতার বুঝবে
তর পিরিতের লক ব্যুইঝবে—
আমার হঁয়েছে যত জ্বালা।
জ্বালা জুড়োতেও সময় লাগে না আলতামাসির
ঝুপ করে চলে যায় আরেকটা গল্পে—
আমার সোয়ামীট মদ ছাঁয়ড়ে দিয়েছে, জান বউদি
শ্রাবণমাসে মনসাতলায় পূজা দিল
পূজা দিয়ে কসম খাঁয়ে
জম্মের পারহা মদট ছাঁয়ড়ে দিল।
অখন মাছদকান দিইছে সুজি মিলের আগুটয়
বড় বড় কাতলা, মিরগেল, গেসকাপ…
দু কেজি কাতলা লিলে পঞ্চাশ গেরাম ইচলা ফিরি।
এসব টুকরোটাকরা গল্প হররোজ লেগে থাকে
আলতামাসির মুখে
সব গল্পই কোনও না কোনও মাসের গল্প
আলতামাসি তাই মাসিক পত্রিকা।
বাংলার বার–ব্রত — শীতলষষ্ঠী, নীলষষ্ঠী
ইতু পূজা, টুসু পরব
রাসমেলা, ভৈরব থানের গাজন —
বীণাপাণি অপেরার যাত্রাপালা, অষ্টপ্রহর
ছাব্বিশ পাবন হয়ে সেজে ওঠে
আলতামাসির গল্পগাছায়।
ঘোষবাড়ির সুনেত্রার চোখে
বিস্ময়ের কাটাকুটি খেলা।
সুনেত্রা বলে– বাংলা মাসের দিন তারিখ
বাংলার ছোট ছোট পরব উৎসব —
এত মনে রাখো কী করে?
আলতামাসির চোখ কপালে ওঠে–
ই বাবা, আমরা ত বাঙালি বঠি
বাংলা মাসের হিসাব রাইখব ন?
বাঙালি তো আমিও—
সুনেত্রা প্রায় ফিসফিস করেই বলে।
: হঁ, তুমিও বাঙালি
তবে তুমার পেটে বিদ্যার জল প্যড়েছে
ইয়ার লেগে এপ্রিল মেপ্রিল ইংরাজি হিসাবট
তুমার কাছকে সজা বঠে।
আমরা মূর্খট— লিখাপড়ার ধাত নাঁয়
ইয়ার লেগে আমদের সবেই বাংলা চলে।
—————————————————-

দেবাশিস দণ্ড পরিচিতি:
জন্ম ২০ আগস্ট ১৯৬৭, পেশা শিক্ষকতা। ১৩ বছর বয়সে বাবার দেখাদেখি কলম ধরা। এপারওপার দুই বাংলার বহু বাণিজ্যিক ও অবাণিজ্যিক পত্রিকায় কবিতা প্রকাশিত। আঞ্চলিক উপভাষায় লেখা অসংখ্য কবিতা রয়েছে, যেগুলি বাচিকশিল্পীমহলে সমাদৃত। শালবেলা, আমরা দুজন একটি গাঁয়ে থাকি,শনি ঠাকুর রবি ঠাকুর,ব্যইললে হবেক?,মিঠে কথা মেঠো সুর ইত্যাদি কবিতার অ্যালবামগুলি দারুণ জনপ্রিয়। জি বাংলা,ইটিভি বাংলা,ডিডি বাংলা ইত্যাদি বেশ কয়েকটি প্রথম শ্রেণীর টিভি চ্যানেলে কবিকন্ঠে কবিতা পরিবেশিত হয়েছে। প্রকাশিত কবিতার বই:ঠোঁটকাটার নোটবুক,ঝাড়ের বাঁশ,শব্দ শতাব্দ,বনফুল ইত্যাদি।
