Shadow

নব চতুর্দশপদাবলি – দীপন মিত্র

নব চতুর্দশপদাবলি

 

দীপন মিত্র

 

বৃক্ষের গোড়ায় থাকে গোপন ফোকর – পথ, বীথি

ঘাসেদের কোলাহল, বৃক্ষের আলস্য চিহ্ন কিছু

কিছু শুষ্কপাতা ঝরে, কিছু পাপড়িরা – এই রীতি

চিরকালব্যাপী; স্তব্ধ কাল, একাকার, নত, নিচু


কবিদের লিখনের নির্জন গুহার মতো স্থান

জেনেছি যুগের পর যুগ, তবু পাইনি কোথাও

একটি নারীর প্রেম যেরকম সাধনার দান

কবিতাও সেরকমই; দেবীকে বলেছি ভাষা দাও

 

খোদাই করে যে পাওয়া শব্দগুলি যে আমার নয়

যে আমাকে ভরে দিলো আলো দিয়ে যে আনন্দময়

মধ্যরাতে পুবদিগন্তের আলো ঢুকে ছিল বুকে

সম্পূর্ণ আপন করে কে যে এলো লেখনীর মুখে

পাহাড়েরই অন্তর্গত জল যবে বুক জুড়ে নামে 

দূর-দূরান্তের থেকে আসে লোকে সেই তীর্থ ধামে!
—————————————-

error: বিষয়বস্তু সুরক্ষিত !!